

বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ব্যবসায়ীরা ১১ মাস লাভ করেন, রমজান মাসে আল্লাহর সন্তুষ্টির জন্য কিছুটা ত্যাগ স্বীকার করা উচিত। তিনি ব্যবসায়ীদের রমজানে সংযম ও মানবিকতা দেখানোর আহ্বান জানান।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সিলেট মহানগর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। বাজার তদারকি জোরদার, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং ভোক্তা অধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম শক্তিশালী করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, রমজানে আমদানিনির্ভর পণ্যের চাহিদা বেড়ে যায়, তবে অধিকাংশ পণ্যের দাম স্থিতিশীল রাখতে সরকার কাজ করছে। কিছু কৃষিপণ্যের দাম সাময়িকভাবে বাড়লেও তা আবার স্বাভাবিক হয়ে আসে।
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, রমজান সওয়াবের মাস। সৌদি আরবসহ অনেক দেশে এ সময় ব্যবসায়ীরা মুনাফা কমিয়ে ছাড় দেন। বাংলাদেশের ব্যবসায়ীরাও সংযম দেখালে সাধারণ মানুষ স্বস্তিতে রোজা পালন করতে পারবেন।



