

জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মনতৈল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাইকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পারিবারিক বিষয় নিয়ে বড় ভাই জাকির আহমদ (২৮) ও তাঁর স্ত্রীর সঙ্গে ছোট ভাই কামিল আহমদ (২৫)-এর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে জাকির আহমদ উত্তেজিত হয়ে কাঠের চেলা দিয়ে কামিল আহমদের মাথায় আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, “এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই জাকির আহমদকে আটক করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”



