

অনলাইন নিউজ ডেস্ক
তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তার যেমন মানুষের জন্য বড় সুযোগ তৈরি করেছে, তেমনি সাইবার ঝুঁকি ও অনলাইন অপতথ্যকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য গুরুতর হুমকি হিসেবে দেখা হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার (৬ জুন) রাজধানীর রমনায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর কাউন্সিল হলে “বাংলাদেশে ভুয়া খবর মোকাবিলা : নীতি, প্রযুক্তি ও জবাবদিহিতা” শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ)।
তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য এখন বৈশ্বিক পর্যায়ে বড় কৌশলগত চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় আইসিটি বিশেষজ্ঞদের নিয়ে দ্রুত একটি জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন।
মন্ত্রী আরও বলেন, সমস্যার ভয়াবহতা নিয়ে আলোচনা অনেক হয়েছে, এখন প্রয়োজন কার্যকর সমাধান। সরকার মেধা ও প্রযুক্তিনির্ভর নীতিমালা প্রণয়নে বিশেষজ্ঞদের কাছ থেকে বাস্তবসম্মত প্রস্তাব প্রত্যাশা করছে।
ডিজিটাল প্ল্যাটফর্মের জবাবদিহিতার বিষয়েও তিনি গুরুত্ব দেন। তার মতে, মূলধারার গণমাধ্যম কনটেন্ট তৈরিতে বিনিয়োগ করলেও অনেক ডিজিটাল প্ল্যাটফর্ম তা বিনা মূল্যে ব্যবহার করে আয় করছে। তাই আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে এসব প্ল্যাটফর্মকে নিয়ন্ত্রণ ও ন্যায্য কাঠামোর আওতায় আনা জরুরি।
অনুষ্ঠানে বিএনপির তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এবং সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনসহ আইসিটি ও গণমাধ্যম খাতের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।



