ক্যাম্পাস

রাকসুর জিএসের আম্মারের ৩ লাখ ৭০ হাজার টাকার খরচ নিয়ে ছাত্রশিবিরের প্রশ্ন

অনলাইন নিউজ ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারের দাপ্তরিক খরচ নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

মুজাহিদ ফয়সাল বলেন, দাপ্তরিক কাজের কথা বলে জিএস ৩ লাখ ৭০ হাজার টাকা উত্তোলন করে বিভিন্ন দপ্তরের নামে ব্যয় দেখিয়েছেন। তবে তাদের কাছে এই ব্যয়ের হিসাব ‘অবাস্তব’ মনে হয়েছে। ছাত্রশিবিরের প্রতিনিধিদের হিসাব অনুযায়ী, অন্যান্য সব দপ্তর মিলিয়ে সর্বোচ্চ ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ হওয়ার কথা।

তিনি আরও বলেন, অন্যান্য দপ্তরের ওপর দায় চাপিয়ে ব্যক্তিগত অনিয়ম এড়ানোর সুযোগ নেই। কোন দপ্তরে কত টাকা ব্যয় হয়েছে, তার তথ্য-প্রমাণসহ সুনির্দিষ্ট হিসাব প্রকাশের দাবি জানান তিনি। পাশাপাশি সালাউদ্দিন আম্মার তাদের প্যানেলের না হওয়ায় তার কর্মকাণ্ড ও আর্থিক হিসাবের কোনো দায় ছাত্রশিবির নেবে না বলেও মন্তব্য করেন।

তবে সালাউদ্দিন আম্মারের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সংবাদ সম্মেলনে রাবি শাখা ছাত্রশিবির আগামী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্তি, বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসিকতা নিশ্চিত করতে রোডম্যাপ প্রণয়ন, অনাবাসিক শিক্ষার্থীদের আবাসন ভাতা চালু, পূর্ণাঙ্গ ও আধুনিক মেডিকেল সেন্টার প্রতিষ্ঠা এবং বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যকর করার দাবি জানায়।

এ সময় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজীব, বিভিন্ন হলের নির্বাচিত রাকসু প্রতিনিধি ও সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button