

অনলাইন নিউজ ডেস্ক
বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) নিজেদের ছবি কম দেখানোর অনুরোধ জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে বিটিভি ও সংসদ টিভিসহ সরকারি টেলিভিশনগুলোতে বিরোধী দলের খবর প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তথ্যমন্ত্রী।
আন্দালিভ রহমান বলেন, বিটিভির সঙ্গে সাম্প্রতিক আলোচনায় তার ও প্রতিমন্ত্রীর প্রথম অনুরোধ ছিল, তাদের ছবি যেন যতটা সম্ভব কম দেখানো হয়। তবে দীর্ঘদিনের প্রচলিত ব্যবস্থার কারণে বিষয়টি পরিবর্তন করাও কঠিন হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে রীতিটি এভাবেই চলে আসছে।
তিনি বলেন, ‘ইনশাল্লাহ, আমরা একটি প্রক্রিয়ার মধ্যে আছি। আপনারা এবং দেশের মানুষ সঙ্গে থাকলে আমরা সঠিকভাবে এগিয়ে যেতে পারব।’
এ সময় সরকারি টেলিভিশনে বিরোধী দলের খবর প্রচারের বিষয়ে নতুন নির্দেশনার কথা জানান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, বিটিভি ও সংসদ টিভিসহ সরকারি টেলিভিশনগুলোতে শুধু সরকারি দলের সংসদ সদস্য ও মন্ত্রীদের খবর প্রচার করা হবে না। আনুপাতিক হারে সংসদের বিরোধী দলের সদস্যদের পাশাপাশি সংসদের বাইরে থাকা বিরোধী দলগুলোর খবরও প্রচার করতে হবে।
তিনি বলেন, বিরোধী দলের নেতারা সরকারের পক্ষে বা বিপক্ষে যেসব বক্তব্য দিচ্ছেন, সেগুলোর মধ্যে জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে হবে। এটাই গণতন্ত্রের চর্চা।
সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সিদ্ধান্তটি বাস্তবায়নে মঙ্গলবার থেকেই সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রশ্ন করা হলে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ শুধু একজনকে নয়, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং বিভিন্ন ঘটনায় যারা অভিযুক্ত, তাদের সবাইকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে চায়।
তিনি বলেন, জুলাই আন্দোলনসহ এর আগের ঘটনাগুলোরও সঠিক বিচার হওয়া প্রয়োজন। ভারতের আদালতের মাধ্যমে বিষয়টি এগিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, এ ধরনের সংবাদ বাংলাদেশের জন্য খুব একটা শুভকর নয় বলে তিনি মনে করেন।
তথ্যমন্ত্রী বলেন, সরকারের অবস্থান পরিষ্কার—যাদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং যাদের বিচারের আওতায় আনা প্রয়োজন, তাদের বাংলাদেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচার নিশ্চিত করা।



