জাতীয়

ফিলিস্তিন ইস্যুকে মধ্যপ্রাচ্যের কেন্দ্রীয় বিষয় বললেন শি জিনপিং

অনলাইন নিউজ ডেস্ক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকটের মধ্যে ফিলিস্তিন ইস্যুই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বেইজিংয়ে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। খবর টাইমস অব ইসরায়েলের।

সোমবার (২৪ আগস্ট) চীনের রাষ্ট্রীয় বেতারে প্রচারিত বৈঠকের সারসংক্ষেপে বলা হয়, ফিলিস্তিন ইস্যু মধ্যপ্রাচ্যের কেন্দ্রীয় বিষয়। এ সংকটের রাজনৈতিক সমাধানের পাশাপাশি ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে শান্তি আলোচনা দ্রুত পুনরায় শুরুর আহ্বান জানিয়েছেন শি জিনপিং। একই সঙ্গে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি আবারও গুরুত্বপূর্ণ ও সংকটময় পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সব পক্ষকে দ্রুত সংলাপ ও আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি।

বেইজিংয়ে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল আহমাদ আল সাবাহর সঙ্গে বৈঠকে ওয়াং ই এসব কথা বলেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ওয়াং ই বলেন, বারবার সংঘাতের পুরোনো চিত্রের পুনরাবৃত্তি করা উচিত নয়। পরিস্থিতির উত্তেজনা কমানোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কুয়েতের সঙ্গে সমন্বয় জোরদার এবং নিজেদের ভূমিকা অব্যাহত রাখতে চীন প্রস্তুত বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা দেশগুলোর বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক চাপ প্রয়োগের হুমকি দেওয়ার মধ্যেই চীনের পক্ষ থেকে এসব মন্তব্য এলো।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের হুমকি প্রত্যাখ্যান করে ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। দেশটি বলেছে, অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত থাকলে উপসাগরীয় অঞ্চল থেকে সব ধরনের তেল রপ্তানি বন্ধ করে দেওয়া হবে।

এর পাশাপাশি, জাহাজ চলাচল নিয়েও নতুন সতর্কতা জারি করেছে ইরান। দেশটির অনুমতি ছাড়া কোনো জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচল না করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button