

অনলাইন নিউজ ডেস্ক
বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় ক্লাবে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তাঁর দাবি, বিএনপির মনোনয়নবঞ্চিত এবং নির্বাচনে পরাজিত প্রার্থীদের পুনর্বাসনের কেন্দ্রে পরিণত করা হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গত ছয় মাসে ১৯ থেকে ২০টি বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি ১১টি সিটি করপোরেশন ও ৬৩টি জেলা পরিষদে দলীয় লোকদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পরপরই দেশে তীব্র জ্বালানি তেল সংকট দেখা দেয়। সে সময় জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়ানো হয়। এর প্রভাব পড়ে গণপরিবহন, সেচ, সারসহ বিভিন্ন খাতে। বর্তমানে দেশে গ্যাসের চাহিদার ৪৩ শতাংশ ঘাটতি রয়েছে। ঢাকার বিভিন্ন এলাকায় চুলা জ্বলছে না এবং গ্যাস সংকটে শিল্পকারখানার উৎপাদনও কমেছে।
এনসিপির আহ্বায়ক বলেন, গ্যাস সংকটের কারণে দেশের ক্রয়াদেশ অন্যত্র চলে যাচ্ছে। সরকার ক্ষমতায় আসার পর দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর অঙ্গীকার করেছিল। কিন্তু দুই মাসের মধ্যেই বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। পাশাপাশি লোডশেডিং ও ভূতুড়ে বিলের সমস্যা রয়েছে। ক্যাপাসিটি চার্জের বোঝাও বহন করতে হচ্ছে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির সুপারিশও বাস্তবায়ন করা হচ্ছে না। বর্তমানে কোনো সংকট দেখা দিলে কখনো পতিত ফ্যাসিস্ট সরকার, আবার কখনো অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপানো হচ্ছে। অথচ এর চেয়েও কঠিন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছিল।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, কৃষকেরা প্রয়োজনীয় সার পাচ্ছেন না এবং বেশি দামে সার কিনতে হচ্ছে। ঋণ প্রবৃদ্ধিও বাড়ছে। স্বাস্থ্য খাতে হাম মহামারির জন্য অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপানো হলেও সংকট এখনো কাটেনি। কোনো বিশেষায়িত হাসপাতালও গড়ে তোলা হয়নি।
শিক্ষাঙ্গন নিয়েও সরকারের সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দখলের ঘটনা ঘটছে। বিরোধী মতাদর্শের শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের ওপর হামলার ঘটনা ঘটলেও এসবের কোনো বিচার হচ্ছে না।
নাহিদ ইসলাম দাবি করেন, গত ছয় মাসে দেশে ৮৩০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৬৭০টি ঘটনায় বিএনপির সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেন তিনি। দেশের বিভিন্ন স্থানে এনসিপির নেতাকর্মীরাও হামলার শিকার হয়েছেন।
তিনি বলেন, ‘আমরা প্রথম থেকেই বলে আসছি, সরকার গণভোটের গণরায় প্রত্যাখ্যান করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে।’



