

অনলাইন নিউজ ডেস্ক
দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে সাংবাদিকের প্রশ্নে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। নিজেকে বাংলাদেশের নাগরিক উল্লেখ করে এ নিয়ে প্রকাশিত প্রতিবেদন নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এক সাংবাদিক তার দ্বৈত নাগরিকত্বের বিষয়ে প্রশ্ন করলে হুমায়ুন কবির বলেন, ‘আমি বাংলাদেশের নাগরিক। কারা এই রিপোর্ট করেছেন? তাদের কি আবার ২০০৮-এর জ্বালা উঠেছে নাকি? মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা?’
এর আগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, সফর নিয়ে দুই দেশ কাজ করছে। দুই দেশের আলোচনার মাধ্যমে সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।
ঢাকা-দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন হুমায়ুন কবির। তার ভাষ্য, দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কূটনীতিতে ভারসাম্য রক্ষা করাই তার অন্যতম দায়িত্ব।
তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক সমতা ও ন্যায্যতার ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে। পাশাপাশি দেশের পক্ষে জোরালো অবস্থান নিয়ে পররাষ্ট্রনীতির কার্যক্রম এগিয়ে নেওয়ার কথাও জানান তিনি।



