

অনলাইন নিউজ ডেস্ক
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমনের মধ্য দিয়ে বিশ্বজুড়ে রহমতের অবারিত দ্বার উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।
মঙ্গলবার (২৫ আগস্ট) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ঈদ-ই-মিলাদুন্নবীর পবিত্র দিনে বিশ্বজগতে সর্বশ্রেষ্ঠ মহামানবের আবির্ভাব ঘটে। সততা, নম্রতা, উদারতা ও ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধা এবং মহানবীর প্রদর্শিত পথে চলার শিক্ষা গ্রহণের ক্ষেত্রে দিনটি অনন্য তাৎপর্য বহন করে।
তিনি বলেন, ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি। একই সঙ্গে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে বিশ্বমানবতার জন্য এক অনন্য আলোকবর্তিকা হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, তাঁর কালজয়ী মূল্যবোধ, মানবতা, সহমর্মিতা, উদারতা ও মানুষের প্রতি ভালোবাসা চিরকাল মানবজাতির জন্য অনুকরণীয় শিক্ষা হয়ে থাকবে। কৈশোর থেকেই তিনি মিথ্যার বিরুদ্ধে ছিলেন অকুতোভয় এবং কখনো আমানতের খেয়ানত করেননি। অন্যের উপকার করাকে তিনি পরম কর্তব্য হিসেবে বিবেচনা করতেন।
তিনি আরও বলেন, আল্লাহ তায়ালা মহানবী (সা.)-এর ওপর পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। এই মহাগ্রন্থ মানবজাতির পথপ্রদর্শক হিসেবে ইহকাল ও পরকালের মুক্তির নির্দেশনা দিয়েছে। মহানবীর জীবন ও কর্ম অনুসরণের মাধ্যমে মুসলিমরা মানবমুক্তি, মানবতা প্রতিষ্ঠা এবং সুন্দর ও কল্যাণময় জীবন গঠনের অনুপ্রেরণা লাভ করে।



