

অনলাইন নিউজ ডেস্ক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগের ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (২৫ আগস্ট) সমাজকল্যাণ মন্ত্রণালয়ে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের ব্রিটিশ নাগরিকত্ব থাকার বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইনমন্ত্রী বলেন, হুমায়ুন কবির দ্বৈত নাগরিকত্ব প্রত্যাহার করেই প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। সংবিধান মেনেই তাকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ফলে এখানে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।
এর আগে সোমবার (২৪ আগস্ট) প্রতিমন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন হুমায়ুন কবির। সেখানেও তাঁর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করা হলেও তিনি বিষয়টি স্পষ্ট করেননি।
গত শুক্রবার (২১ আগস্ট) প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির। এর আগে তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। শপথ নেওয়ার পর তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।



