

অনলাইন নিউজ ডেস্ক
ইসলামী ব্যাংককে ঘিরে চলমান পরিস্থিতিকে রাজনৈতিক বিষয় হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তবে দেশের আর্থিক খাতের স্থিতিশীলতার স্বার্থে সমস্যাটির দ্রুত সমাধান করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
বুধবার (১০ জুন) অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় গভর্নর এ কথা বলেন। সভা শেষে বিষয়টি সাংবাদিকদের জানান অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) সভাপতি মাসরুর আরেফিন।
সভায় এবিবির পক্ষ থেকে ইসলামী ব্যাংককে কেন্দ্র করে চলমান আন্দোলন ও পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। ব্যাংকাররা আশঙ্কা প্রকাশ করেন, দেশের বৃহত্তম ব্যাংকগুলোর একটি হিসেবে ইসলামী ব্যাংকে গ্রাহকদের আস্থার সংকট তৈরি হলে তার প্রভাব অন্যান্য ব্যাংকেও পড়তে পারে।
এ প্রেক্ষাপটে গভর্নর মোস্তাকুর রহমান দ্রুত পরিস্থিতির সমাধান এবং ব্যাংকিং খাতে স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।



