জাতীয়

ইসলামী ব্যাংক নিয়ে রাজনীতি করতে দেয়া হবে না: বাংলাদেশ ব্যাংক

অনলাইন নিউজ ডেস্ক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা স্বার্থসংশ্লিষ্ট কর্মকাণ্ডের হাতিয়ার হতে দেওয়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির জন্য দ্রুত সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠনের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ কথা জানান।

তিনি বলেন, ইসলামী ব্যাংক দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংকটি ক্ষতিগ্রস্ত হলে তার নেতিবাচক প্রভাব পুরো ব্যাংক খাতের ওপর পড়তে পারে। এ কারণে প্রতিষ্ঠানটির স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এর আগে সকালে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। এ সময় তারা ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবি জানান।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, নতুন পরিচালনা পর্ষদে এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে রাখা যাবে না। পাশাপাশি ২০১৭ সালের আগে ব্যাংকটির মালিকানার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পুনর্বহালের দাবিও জানান তারা।

বিক্ষোভকারীরা আরও বলেন, ২৪ ঘণ্টার মধ্যে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা না হলে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

এর আগে গত ১৬ জুন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে একটি স্মারকলিপি জমা দেয়। সেখানে দ্রুত পরিচালনা পর্ষদ গঠন এবং এস আলম গ্রুপের মালিকানাধীন শেয়ার আগের মালিকদের কাছে হস্তান্তরের দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত ১ জুন থেকে সদ্যবিদায়ী চেয়ারম্যান খোরশেদ আলমের পদত্যাগের দাবিতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলন শুরু হয়। পরবর্তীতে ১৩ জুন বাংলাদেশ ব্যাংক ব্যাংকটির চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। একই সঙ্গে ব্যাংকের সার্বিক তদারকির দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button