

অনলাইন নিউজ ডেস্ক
জাতীয় সংসদে ঝালকাঠী-১ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন। তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতাবিরোধী ভূমিকা পালনকারী কোনো দলের বাংলাদেশের রাজনীতিতে থাকার অধিকার নেই।
সোমবার সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে রফিকুল ইসলাম জামাল এ দাবি জানান। বক্তব্যে তিনি ১৯৭১ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকার সমালোচনা করে বলেন, যে দলটি দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের রাজনীতি করার সুযোগ থাকা উচিত নয়। তিনি সরকারের প্রতি জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার জোরালো আহ্বান জানান।
বাজেট আলোচনায় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের নির্বাচনী প্রচারণারও সমালোচনা করেন। তাঁর অভিযোগ, নামের সঙ্গে ‘ইসলাম’ থাকলেই তা প্রকৃত ইসলামের প্রতিনিধিত্ব করে না। নির্বাচনী প্রচারণার সময় দলটির প্রার্থীরা বিভিন্ন বিতর্কিত বক্তব্য দিয়েছেন বলেও তিনি দাবি করেন।
রফিকুল ইসলাম জামাল ঝালকাঠী-১ আসনে জামায়াতের প্রার্থী ফয়জুল হকের একটি বক্তব্যের উল্লেখ করে বলেন, ভোটের বিনিময়ে মানুষকে বেহেশতের নিশ্চয়তা দেওয়ার মতো বক্তব্য ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের শামিল এবং এটি গ্রহণযোগ্য নয়।
এদিকে একই দিনে বাজেট আলোচনায় অংশ নিয়ে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ ধর্মীয় উপাসনালয়ে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, মসজিদ আল্লাহর ঘর। সেখানে নামাজ, কোরআন তিলাওয়াত ও ধর্মীয় পরিবেশ বজায় রাখতে হবে। কোনো রাজনৈতিক দলের সভা-সমাবেশ বা রাজনৈতিক কার্যক্রম সেখানে হওয়া উচিত নয়।
রেজা আহমেদ বলেন, অন্যান্য রাজনৈতিক দল যদি মাঠ বা খোলা জায়গায় কর্মসূচি পালন করতে পারে, তাহলে কোনো দল মসজিদকে রাজনৈতিক কর্মকাণ্ডের স্থান হিসেবে ব্যবহার করতে পারে না। তিনি মসজিদ ও মাদ্রাসায় রাজনৈতিক সভা-মিটিং নিষিদ্ধ করতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি প্রয়োজনীয় আইন প্রণয়নের আহ্বান জানান।
সংসদে দেওয়া এ বক্তব্যের বিষয়ে অন্যান্য সদস্যদের সমর্থনও প্রত্যাশা করেন তিনি।



