

অনলাইন নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরকে বাংলাদেশের বহুমুখী পররাষ্ট্রনীতির প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, দীর্ঘদিনের একমুখী পররাষ্ট্রনীতির ধারা থেকে বেরিয়ে এসে বাংলাদেশ এখন বহুমাত্রিক কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার পথে এগোচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত বহুমুখী পররাষ্ট্রনীতির ধারাবাহিকতায় বর্তমান সরকার আন্তর্জাতিক সম্পর্ক সম্প্রসারণে কাজ করছে এবং প্রধানমন্ত্রীর চীন সফর সেই নীতিরই প্রতিফলন।
তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে। একই সঙ্গে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
রিজভী বলেন, চীন এমন একটি রাষ্ট্র, যা সাধারণত অন্য দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে না। বর্তমানে বাংলাদেশ ও চীনের মধ্যে প্রায় ১৮ বিলিয়ন মার্কিন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য পরিচালিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশ সৌরশক্তি থেকে অর্জনের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়নে বাংলাদেশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি দেশের সামগ্রিক উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্ক জোরদারে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।



