

অনলাইন নিউজ ডেস্ক
ইবোলার ঝুঁকিতে ভারতে নতুন স্বাস্থ্য ঘোষণা বাধ্যতামূলক, চালু হলো ‘এয়ার সুবিধা ২.০’
আফ্রিকার গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (ডিআরসি) ও উগান্ডায় ইবোলা রোগের প্রাদুর্ভাবকে কেন্দ্র করে সতর্কতা জোরদার করেছে ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ পরিস্থিতিকে ঘিরে জরুরি অবস্থা ঘোষণা করার পর আন্তর্জাতিক যাত্রীদের জন্য নতুন ডিজিটাল স্বাস্থ্য ঘোষণা ব্যবস্থা চালু করেছে দেশটি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন এই ব্যবস্থার নাম ‘এয়ার সুবিধা ২.০’। এর আওতায় ভারতে আগত সব আন্তর্জাতিক যাত্রীকে দেশটিতে পৌঁছানোর আগে অনলাইনে বাধ্যতামূলকভাবে স্বাস্থ্য স্বঘোষণাপত্র (Self-Declaration Form) জমা দিতে হবে।
স্বঘোষণাপত্রে গত ২১ দিনের ভ্রমণ ইতিহাস, সম্ভাব্য সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসার তথ্য এবং বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত উল্লেখ করতে হবে।
ভারতের সরকারি কর্মকর্তাদের মতে, নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ইবোলা সংক্রমণের ঝুঁকিতে থাকা যাত্রীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। এতে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও প্রতিরোধমূলক ব্যবস্থা দ্রুত গ্রহণ করা যাবে। একই সঙ্গে বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রবেশ প্রক্রিয়াও আরও সহজ, দ্রুত এবং কার্যকর হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত দিয়ে সংক্রামক রোগের বিস্তার রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষা জোরদার করতেই ‘এয়ার সুবিধা ২.০’ চালু করা হয়েছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের স্বাস্থ্য পর্যবেক্ষণ আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।



