জাতীয়

এনসিপি থেকে পদত্যাগ করলেন অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদার

অনলাইন নিউজ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মানিকগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদার। তিনি এর আগে এনসিপির মানিকগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেছিলেন।

বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লাইভে এসে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে জাহিদুর রহমান তালুকদার বলেন, এনসিপির কর্মপরিবেশের সঙ্গে তিনি নিজেকে মানিয়ে নিতে পারেননি, অথবা দলও তার সঙ্গে সমন্বয় করতে পারেনি।

তিনি বলেন, ‘আমি একজন রাজনৈতিকভাবে সচেতন মানুষ এবং রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে এই মুহূর্তে আমি কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না।’

ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, জুলাইয়ের চেতনা থেকে প্রশাসনিক, শাসনতান্ত্রিক ও রাজনৈতিক সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, ভবিষ্যতে যদি কোনো রাজনৈতিক দল সেই প্রত্যাশা বাস্তবায়নে আন্তরিক ও সক্ষম বলে মনে হয়, তাহলে সে দলে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ জুন এনসিপি মানিকগঞ্জ জেলায় ২৭ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করে। ওই কমিটিতে অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদারকে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছিল। পরে একই বছরের ৩ ডিসেম্বর সেই কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হলে তাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যেই তিনি দল এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button