সারাদেশ

আস-সুন্নাহ ফাউন্ডেশনের নামে প্রতারণা, ডিবির জালে ৬ প্রতারক

অনলাইন নিউজ ডেস্ক

অনলাইনে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিনিয়োগের নামে অর্থ আত্মসাৎকারী একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১ জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—বাবলু ওরফে সূর্য (২৪), শাহিন (২১), তুষার মিয়া (২৫), আতিকুর রহমান ওরফে নিরব রানা (২০), লিখন ওরফে ইমন (২২) এবং শাকিল রানা (৩০)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাড্ডা থানায় দায়ের করা সাইবার সুরক্ষা আইনের একটি মামলার তদন্তে ডিবির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র অনলাইনে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে বিনিয়োগে উৎসাহিত করছে।

তদন্তে আরও জানা যায়, প্রতারণার উদ্দেশ্যে চক্রটি আস-সুন্নাহ ফাউন্ডেশন এবং শায়খ আহমাদুল্লাহর নাম, ছবি ও পরিচিতি ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট ও ফেসবুক পেজ তৈরি করে বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করছিল। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের জনপ্রিয় ওয়েবসাইট ও ফেসবুক পেজের আদলে প্রায় একই ধরনের ডোমেইন ও পেজ তৈরি করে মানুষের আস্থা অর্জনের চেষ্টা করত।

এসব ভুয়া প্ল্যাটফর্মে প্রচারিত বিজ্ঞাপনে বিশ্বাস করে অনেকেই সেখানে উল্লেখ করা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে অর্থ পাঠাতেন। পরে প্রতারকরা সেই অর্থ আত্মসাৎ করত।

গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (৩০ জুন) গাজীপুরের আশুলিয়ার জিরানী বাজার এলাকায় অভিযান চালিয়ে বাবলু ও শাহিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা এলাকায় অভিযান চালিয়ে তুষার, নিরব রানা ও ইমনকে আটক করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী বুধবার (১ জুলাই) ভোরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে শাকিল রানাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button