

অনলাইন নিউজ ডেস্ক
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে দলটির মহানগর শাখা। সমাবেশ থেকে হামলার তীব্র নিন্দা জানিয়ে জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবি করেন দলটির নেতারা।
মঙ্গলবার (৭ জুলাই) নগরের জামালখানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে এনসিপির নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব হুজ্জাতুল্লাহ বিন আবির ও নিজাম উদ্দিন। এছাড়া বক্তব্য দেন যুগ্ম সদস্যসচিব সাদিয়া আফরিন, আজগর আলী আশিক, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহেদ ইকবাল চৌধুরীসহ দলের অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, সাভারে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রায় বোমা হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং এটি গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচির ওপর হামলার শামিল। তাদের অভিযোগ, জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে। এ কারণে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানান।
এ সময় নেতারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান। একই সঙ্গে তারা সতর্ক করে বলেন, দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।



