জাতীয়

আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী , জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না: ডা. শফিকুর রহমান

অনলাইন নিউজ ডেস্ক

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের শহীদরা নিজেদের আত্মত্যাগের মাধ্যমে জাতিকে এক মহৎ ঋণে আবদ্ধ করে গেছেন। তিনি বলেন, শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়বিচারভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) ‘জুলাই শহীদ’ দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ১৬ জুলাই জাতীয় ইতিহাসের একটি গৌরবময় ও বেদনাবিধুর দিন। এ দিনে তিনি জুলাই আন্দোলনে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান, তাদের রূহের মাগফেরাত কামনা করেন এবং আহত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

তিনি বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা আন্দোলনের সময় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং তা গণআন্দোলনে রূপ নেয়।

ডা. শফিকুর রহমানের দাবি, পরবর্তীতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, তরুণ-তরুণী, নাগরিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলনে যুক্ত হন। একপর্যায়ে এটি শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে এক দফা আন্দোলনে রূপ নেয়। তিনি অভিযোগ করেন, আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর গুলিতে বহু মানুষ নিহত ও আহত হন।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং এর ফলে দেশে রাজনৈতিক কর্মকাণ্ড ও মতপ্রকাশের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে তিনি দাবি করেন।

বিবৃতির শেষাংশে ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে আগামী ১৬ জুলাই আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে ‘জুলাই শহীদ দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button