

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় হাসপাতালজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল জানান, রোগীর এক স্বজনকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। সোমবার তথ্য সংগ্রহের জন্য হাসপাতালে গেলে তাঁদের ধাওয়া করা হয় এবং তিনি এবং তার সাথে থাকা আরও একজন সাংবাদিক আহত হন।
পরবর্তীতে বিরোধটি হাতাহাতি থেকে সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সংঘর্ষের সময় হাসপাতালের কয়েকটি গেট বন্ধ করে দেওয়া হয়। এ সময় হাসপাতালের ভেতরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। আহতদের কয়েকজনকে মাথায় ব্যান্ডেজসহ চিকিৎসা নিতে দেখা গেছে। সংঘর্ষের কারণে হাসপাতালের স্বাভাবিক সেবা কার্যক্রমও সাময়িকভাবে ব্যাহত হয়।
এদিকে, ঘটনার পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করেন।
এ বিষয়ে জানতে সিলেট কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. মঈনুল জাকিরের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
ঘটনার বিস্তারিত এবং সংঘর্ষের প্রকৃত কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।



