জাতীয়

সাভারে চাঁদা দাবিকে কেন্দ্র করে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলি

অনলাইন নিউজ ডেস্ক

সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে সন্ত্রাসীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এক পর্যায়ে সন্ত্রাসীরা একজন নারীকে জিম্মি করে পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যায়।

শনিবার (২৫ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত শুটার বাপ্পি ব্যবসায়ী শরিফ মিয়ার কাছে চাঁদা দাবি করে এবং বাড়ির নিরাপত্তাকর্মীসহ পরিবারের সদস্যদের জিম্মি করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিম্মিদের উদ্ধারে ফাঁকা গুলি ছোড়ে। এ সময় বাপ্পিও জিম্মিদের ঢাল হিসেবে ব্যবহার করে পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, পালানোর সময় শুটার বাপ্পি বাড়ির এক নারী কেয়ারটেকারকে জিম্মি করে কৌশলে ঘটনাস্থল ত্যাগ করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, পুলিশের ওপর গুলিবর্ষণের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছায়। তবে সন্ত্রাসীরা বাড়ির পেছনের দিক দিয়ে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, শুটার বাপ্পি ও তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button