

অনলাইন নিউজ ডেস্ক
অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদারসহ চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছেন জেলা প্রশাসক মো. নুরুল কবির ভূঁইয়া।
সোমবার (৩ আগস্ট) সকালে জেলা প্রশাসক আকস্মিকভাবে কাশিমপুর ও সফিপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান। পরিদর্শনকালে সেবাপ্রত্যাশীরা ভূমি অফিসের বিভিন্ন অনিয়ম ও হয়রানির অভিযোগ তুলে ধরেন।
অভিযোগের ভিত্তিতে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার ওয়াজেদ আলী খানসহ চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন জেলা প্রশাসক।
পরে তিনি সফিপুর ইউনিয়ন ভূমি অফিসও পরিদর্শন করেন। সেখানে অনিয়মের অভিযোগ পাওয়ায় সংশ্লিষ্ট তহসিলদারকে সতর্ক করা হয়।
এদিকে, কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সাময়িক বরখাস্তের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। বিভিন্ন পোস্টে দাবি করা হয়, গাজীপুর জেলার সব ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। তবে বিষয়টি সঠিক নয়।
প্রকৃতপক্ষে, বরখাস্তের সিদ্ধান্তটি শুধুমাত্র কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের সংশ্লিষ্ট চার কর্মকর্তা-কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য। জেলার অন্যান্য ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে এ ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।



