জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

অনলাইন নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু। সোমবার (৩ আগস্ট) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষরের অপেক্ষায় থাকা কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, চুক্তিটি কার্যকর হলে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ আরও সম্প্রসারিত হবে।

ইয়ো হান-কু জানান, ইতোমধ্যে অনেক দক্ষিণ কোরিয়ার কোম্পানি বাংলাদেশে সফলভাবে ব্যবসা পরিচালনা করছে এবং ভবিষ্যতে আরও অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের খেলনা, ইলেকট্রনিকস, টেলিযোগাযোগ, অটোমোবাইল, সেমিকন্ডাক্টর এবং জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান জানান।

তিনি বলেন, জাহাজ নির্মাণ শিল্পে দক্ষিণ কোরিয়ার দক্ষতা এবং বাংলাদেশের সম্ভাবনাময় জনশক্তিকে কাজে লাগিয়ে পারস্পরিক সহযোগিতার সুযোগ রয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, ভাষা শিক্ষা এবং দক্ষ জনবল তৈরির উদ্যোগ নেওয়া যেতে পারে। একই সঙ্গে কোরিয়ান প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগ করলে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে বলেও তিনি আশ্বাস দেন।

বৈঠকে বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলোকে নিয়ে একটি বিনিয়োগবিষয়ক সেমিনার আয়োজনের পরিকল্পনার কথাও জানানো হয়। পাশাপাশি দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীকে অবহিত করা হয়।

জবাবে ইয়ো হান-কু বলেন, বাংলাদেশের প্রস্তাবগুলো দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করবে।

বৈঠকে প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এ সময় বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button