ক্যাম্পাস

গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদে ঢাবিতে হারিকেন ও হাড়ি-পাতিল নিয়ে বিক্ষোভ

অনলাইন নিউজ ডেস্ক

দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাস ও বিদ্যুৎ সংকট, দীর্ঘ সময়ের লোডশেডিং এবং বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বৃদ্ধির অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি।

সোমবার (৩ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় হারিকেন ও হাড়ি-পাতিল নিয়ে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা দাবি করেন, ঢাকার বাইরে অনেক জেলায় প্রতিদিন ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। অনেক গ্রাহক স্বাভাবিক সময়ের তুলনায় দুই থেকে তিন গুণ বেশি বিদ্যুৎ বিল পেয়েছেন। তাদের অভিযোগ, বিদ্যুৎ ব্যবহারে উল্লেখযোগ্য পরিবর্তন না থাকলেও বিল অস্বাভাবিকভাবে বেড়েছে এবং অনেক এলাকায় গভীর রাতেও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না।

সমাবেশে বক্তারা বলেন, নাগরিকদের মৌলিক সেবার সংকট দিন দিন বাড়ছে। তাদের দাবি, জুন ও জুলাই মাসের বিদ্যুৎ বিল অনেক ক্ষেত্রে দ্বিগুণেরও বেশি এসেছে, যা বাস্তব ব্যবহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বক্তারা আরও অভিযোগ করেন, গ্যাস সরবরাহে ঘাটতি থাকা সত্ত্বেও গ্যাসের মূল্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তাদের ভাষ্য, সমস্যা সমাধানের পরিবর্তে জনদুর্ভোগ আরও বাড়ছে।

সমাবেশে বক্তারা দাবি করেন, অনেক এলাকায় দিনে ১২ ঘণ্টারও বেশি সময় লোডশেডিং হচ্ছে। একই সঙ্গে তারা অভিযোগ করেন, বিদ্যুৎ ব্যবহার কম থাকা সত্ত্বেও গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত বিল আদায় করা হচ্ছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রসঙ্গও তুলে ধরেন বক্তারা। তারা বলেন, নির্বাচিত সরকার গঠনের পর জনগণের সমস্যার সমাধান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং নাগরিক অধিকার নিশ্চিত করার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, বাস্তবে তা প্রতিফলিত হয়নি।

বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, লোডশেডিং কমানো এবং বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button