

অনলাইন নিউজ ডেস্ক
স্বাধীনতাবিরোধীরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই এখন মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করার চেষ্টা করছে।
মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে জামায়াতে ইসলামীর কথিত ‘ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ প্রতিবাদে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম এ কর্মসূচির আয়োজন করে।
রিজভী বলেন, ‘আমাদের পরিচিতি আমরা বাংলাদেশি, এটা ৭১-এর অর্জন। আমরা তাদের উত্তরসূরি, যারা সীমান্তের যুদ্ধ করেছে।’
জামায়াতে ইসলামী বিভিন্ন সময়ে আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সমঝোতা করেছে বলেও অভিযোগ করেন তিনি। ১৯৮৬ সালে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে দলটি নির্বাচনে অংশ নিয়েছিল এবং ২০০৮ সালের নির্বাচন নিয়েও জামায়াতের ভূমিকা ছিল বলে দাবি করেন রিজভী।
জামায়াতে ইসলামীর প্রধানের বাসভবনে আয়োজিত একটি চিত্র প্রদর্শনীর প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেখানে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের যথাযথভাবে তুলে ধরা হয়নি। একই সঙ্গে ৭ মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের ইতিহাস উপস্থাপনের বিষয়টিও উল্লেখ করেন তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জামায়াতের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের দাঁড়িপাল্লা আঁকার ঘটনাকে ১৯৭১-এর ইতিহাসকে ‘হালকা করে দেখানোর’ প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, এসব কর্মকাণ্ড উদ্দেশ্যপ্রণোদিত।
এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে সংগঠনটির নেতাকর্মীরা রিপোর্টার্স ইউনিটি থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন।
সমাবেশে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি জাহেদুল হক শামীম ও সহসভাপতি ড. কে এম আই মন্টিসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



