সারাদেশ

পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরকে সদস্য করে জ্বালানি নিরাপত্তাবিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি গঠন

নগর সমাচার ২৪ ডেস্ক:

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে ‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’ গঠন করেছে সরকার। এ কমিটিতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. হুমায়ুন কবিরকে সদস্য করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ কমিটি গঠনের কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনটি ১ জুন ২০২৬ তারিখে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সভাপতি করা হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে। কমিটিতে অর্থ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, উপদেষ্টা পরিষদের সংশ্লিষ্ট দপ্তর, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সদস্য করা হয়েছে।

কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. হুমায়ুন কবির। জ্বালানি নিরাপত্তার সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক, জ্বালানি আমদানি, বৈদেশিক উৎস ও সরবরাহ ব্যবস্থা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তার দায়িত্বশীল ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, এলএনজি আমদানি, তেল ও জ্বালানি সরবরাহসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো পর্যালোচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কমিটি কাজ করবে। পাশাপাশি জ্বালানি সরবরাহের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ চাহিদা এবং আন্তর্জাতিক বাজারের প্রভাব নিয়েও কমিটিতে আলোচনা হতে পারে।

কমিটি প্রয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা, বিশেষজ্ঞ ও বেসরকারি খাতের প্রতিনিধিদের মতামত নিতে পারবে। অর্থাৎ জ্বালানি নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে আলোচনায় যুক্ত করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের সুযোগ রাখা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

জ্বালানি নিরাপত্তায় গুরুত্ব:

বাংলাদেশের জ্বালানি চাহিদার একটি বড় অংশ আমদানিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, সরবরাহ ব্যবস্থার পরিবর্তন এবং ভূরাজনৈতিক পরিস্থিতি দেশের জ্বালানি নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে তেল, এলএনজি ও অন্যান্য জ্বালানি পণ্যের আমদানি ও সরবরাহ নির্বিঘ্ন রাখতে সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

এ অবস্থায় জ্বালানি নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের এই মন্ত্রিপরিষদ উপ-কমিটি গঠনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কমিটিতে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টাকে অন্তর্ভুক্ত করায় জ্বালানি নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক বাজার, আমদানির উৎস, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বৈদেশিক সহযোগিতার বিষয়গুলোও সমন্বিতভাবে বিবেচনার সুযোগ তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. হুমায়ুন কবির এর আগে বিভিন্ন বক্তব্যে জ্বালানি নিরাপত্তাকে সরকারের অর্থনৈতিক কূটনীতির গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন।সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ওপরও তিনি জোর দিয়েছেন।

সরকারের সংশ্লিষ্ট মহল মনে করছে, নতুন কমিটির মাধ্যমে দেশের জ্বালানি সরবরাহ ও নিরাপত্তা ব্যবস্থাপনায় বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে আরও কার্যকর সমন্বয় তৈরি হবে। আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে জ্বালানি আমদানি ও সরবরাহের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণেও কমিটি ভূমিকা রাখতে পারবে।

নগর সমাচার ২৪

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button