জাতীয়

১৫ আগস্ট ঘিরে ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, বাড়ানো হয়েছে নজরদারি

অনলাইন নিউজ ডেস্ক

১৫ আগস্টকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও বিশৃঙ্খলা এড়াতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি বিভিন্ন স্থানে তল্লাশি ও নজরদারি জোরদার করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা যায়। এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

এ ছাড়া বিভিন্ন মোড় ও প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে পথচারী ও যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণ করছেন। বিশেষ করে ধানমন্ডি ৩২ নম্বরে প্রবেশের পথগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ১৫ আগস্টকে ঘিরে সম্ভাব্য নাশকতা, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা আরও বাড়ানো হতে পারে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। জনসাধারণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি কিংবা শান্তিশৃঙ্খলা নষ্ট করে—এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button