

অনলাইন নিউজ ডেস্ক
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি মো. আমির হামজা বলেছেন, আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদর আসনের উন্নয়নের ক্ষেত্রে তিনিই প্রধান ভূমিকা পালন করবেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের সংসদীয় আসনের জনগণের উদ্দেশে দেওয়া বক্তব্যে তাকে বলতে শোনা যায়, “আগামী পাঁচ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমিই প্রধানমন্ত্রী। বাজেটগুলো সরকার দেবে, ওটা দেবে আমির হামজার হাতে। এটা কি কোনো ফেরেশতার হাতে দেবে?”
উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, কোনো জনপ্রতিনিধি নিজের অর্থে উন্নয়ন কাজ করেন না; সরকারি বরাদ্দের মাধ্যমেই এসব কাজ বাস্তবায়ন করা হয়। তাই উন্নয়নকে কেন্দ্র করে ব্যক্তিগত কৃতিত্ব দাবি বা এ ধরনের প্রচারণা আর বিশ্বাস না করার আহ্বান জানান তিনি।
এদিকে কুষ্টিয়া-৩ আসনের উন্নয়ন কর্মকাণ্ডের অংশীদারিত্ব নিয়ে আমির হামজার সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের টানাপোড়েন রয়েছে বলে জানা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উন্নয়ন কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ ও কৃতিত্ব নিয়ে স্থানীয় বিএনপির নেতাদের মধ্যে চলমান বিরোধের প্রেক্ষাপটেই সংসদ সদস্য আমির হামজার এমন বক্তব্য এসেছে।



