জাতীয়

গত ১১ মাসে তারা যে কাজ করেছেন, ঢাবির ১০৫ বছরের ইতিহাসে তা কেউ করতে পারেনি

অনলাইন নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম) দাবি করেছেন, দায়িত্ব নেওয়ার পর গত ১১ মাসে তারা এমন কিছু কাজ করেছেন, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে আর কেউ করতে পারেনি।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার বি-উপনিবেশায়ন: আবদুল মালেকের শিক্ষা-প্রস্তাবনা ও বর্তমান বাংলাদেশের শিক্ষাব্যবস্থা’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি করেন।

সাদিক কায়েম বলেন, দায়িত্ব পালনের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে তারা শত শত অসহযোগিতার মুখে পড়েছেন। তার অভিযোগ, বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেটের মাধ্যমে তাদের কাজে বাধা দেওয়া হয়েছে। তবে এসব প্রতিকূলতার মধ্যেও ৯৩ শতাংশ শিক্ষার্থী মনে করেন, ডাকসুর বর্তমান নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পর ক্যাম্পাসে পড়াশোনার পরিবেশ আগের তুলনায় অনেক উন্নত হয়েছে।

তিনি জানান, শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়ে দায়িত্ব নেওয়ার পর একাধিক জরিপ পরিচালনা করা হয়েছে। এসব জরিপে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসের পরিবেশ নিয়ে ইতিবাচক মতামত পাওয়া গেছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে তার দাবি, বর্তমান ডাকসু নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পর ক্যাম্পাসে সহিংসতা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।

শহীদ আবদুল মালেকের প্রসঙ্গ তুলে ডাকসু ভিপি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম ছাত্রহত্যার ঘটনা আবদুল মালেকের শাহাদাতের মাধ্যমে ঘটেছে। তার শিক্ষা-ভাবনার সঙ্গে বর্তমান শিক্ষা সংস্কারের প্রসঙ্গ যুক্ত করে সাদিক কায়েম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে ভাবার সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতের শিক্ষা কাঠামোয় আধুনিকতা ও আধ্যাত্মিকতার সমন্বয় থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

নিজেদের বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে তিনি বলেন, নারী শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু, আবাসন সংকট নিরসনে ২ হাজার ৮৪১ কোটি টাকার প্রকল্প, কেন্দ্রীয় মসজিদ সংস্কার, ২ কোটি টাকার খেলাধুলার ফান্ড এবং ৬৫ লাখ টাকা ব্যয়ে নারী শিক্ষার্থীদের জন্য জিমনেশিয়াম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

সাদিক কায়েম বলেন, ‘আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল। কিন্তু আমরা কথা দিয়ে কথা রেখেছি।’ শুধু অভিযোগ না করে নিজেদের কাজের মাধ্যমে কীভাবে দায়িত্ব পালন করতে হয়, সেটিও তারা প্রমাণ করেছেন বলে মন্তব্য করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button