জাতীয়

গ্যাস সংকট কাটতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক

দেশের চলমান গ্যাস সংকট থেকে স্থায়ীভাবে বের হতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ অবকাঠামো নির্মাণে প্রায় দুই বছর সময় লাগতে পারে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) সিলেট নগরীর একটি হোটেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, গ্যাসের সংকটে দেশের বিভিন্ন মিল-কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে—এটি অস্বীকার করার সুযোগ নেই। তবে এই সংকট বর্তমান সরকারের তৈরি নয়; বরং সরকার এটি ‘উত্তরাধিকার সূত্রে’ পেয়েছে। দীর্ঘমেয়াদে সংকট কাটাতে অবকাঠামো উন্নয়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার প্রচলিত চিন্তাভাবনার বাইরে গিয়ে কাজ করছে বলেও জানান খন্দকার আব্দুল মুক্তাদির।

মালয়েশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দেশটির ছোট আকারের এলএনজি বহনকারী জাহাজগুলো বর্তমানে অন্য কাজে নিয়োজিত রয়েছে। ফলে সেখান থেকে দ্রুত গ্যাস আনার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে সাময়িকভাবে পরিস্থিতির উন্নতি করা যায় কি না, সে বিষয়ে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় ২০২৬-২৭ অর্থবছরের জেলা পর্যায়ের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও আগের বছরের বাস্তবায়ন মূল্যায়নবিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী।

কর্মশালায় তিনি সেচের অভাবে বছরের নির্দিষ্ট সময়ে অনাবাদি থাকা জমিতে সেচ সুবিধা নিশ্চিত করা, দুই ফসলি জমিকে তিন ফসলি জমিতে রূপান্তর, জলাবদ্ধতার পানি নিষ্কাশন এবং সিলেটে তরমুজ চাষ সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করেন।

পরে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী। এ সময় তিনি জানান, আগামী এক বছরে সিলেট অঞ্চলে ২৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।

কর্মশালায় বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানের সভাপতিত্বে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বক্তব্য দেন। বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button