

অনলাইন নিউজ ডেস্ক
১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের স্মরণে যশোরের কেশবপুর উপজেলা ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) যশোর-সাতক্ষীরা সড়কের ডুমুরিয়া উপজেলার নুরানিয়া এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটির নেতৃত্বে ছিলেন ছাত্রলীগ নেতা মুন্নাফ হোসেন (মুন্না)। এ সময় অংশগ্রহণকারীরা ১৫ আগস্ট ও শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিলে অংশ নেওয়া বেশিরভাগ ব্যক্তির মুখে মাস্ক এবং মাথায় সাদা ক্যাপ ছিল।
সড়ক ধরে কিছুদূর অগ্রসর হওয়ার পর মিছিলটি শেষ হয়।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন বলেন, মিছিলের বিষয়ে তারা জানতে পেরেছেন। বিকেলে কেশবপুর উপজেলা ছাত্রলীগের ব্যানারে কেশবপুর উপজেলার বাইরে যশোর-সাতক্ষীরা সড়কের ডুমুরিয়া উপজেলার নুরানিয়া এলাকায় মিছিল হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে তদন্ত চলছে।



