

অনলাইন নিউজ ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের দুই নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন—আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী এহতে শিমুল হক এবং সরকার ও রাজনীতি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী ফয়েজ হাওলাদার।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
জাবি শাখা ছাত্রদলের সূত্রের দাবি, ১৫ আগস্ট উপলক্ষে ওই দুই নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি শেয়ার করে শ্রদ্ধা জানান। সংগঠনের আদর্শ ও নীতির পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।
তবে কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে তাদের বিরুদ্ধে ঠিক কী ধরনের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে, তা বিস্তারিত উল্লেখ করা হয়নি।



