

অনলাইন নিউজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, “আমরা একটি ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করেছি। চারদিকে ছিল অরাজকতা ও নৈরাজ্যের ধূসর পরিবেশ। কে কখন গুম হয়ে যাবে, কে কখন অদৃশ্য হবে—তার কোনো নিশ্চয়তা ছিল না।”
সোমবার (১৭ আগস্ট) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে দিনরাত কাজ করে যাচ্ছেন।
তিনি অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচারবহির্ভূত হত্যা ও নিপীড়ন আগের সময়ে নিয়মিত ঘটনা ছিল। সরকারের ভিন্নমত পোষণ করলেই খাল, নদী কিংবা পুকুরের ধারে লাশ পড়ে থাকত। এমনকি একজন সাবেক সংসদ সদস্যকে নৌকার মধ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
রিজভীর ভাষায়, “নৈরাজ্যের ঘন অন্ধকারের মধ্যে ব্যাপক আন্দোলনের মধ্য দিয়ে আমরা ৫ আগস্টের পরিবর্তন পেয়েছি।”
দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের ৮৫০ কোটি টাকা উধাও হয়ে ফিলিপাইনের ক্যাসিনোতে চলে গেছে। পাশাপাশি সোনালী ব্যাংক ও বেসিক ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে বড় ধরনের লুটপাট হয়েছে। মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট ও দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনা করছে। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিন থেকেই সেগুলো বাস্তবায়নে কাজ শুরু করেন।
তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন অব্যাহত রয়েছে। দুর্যোগ ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনাপ্রবাহ উন্নয়নের গতিতে কিছুটা বাধা সৃষ্টি করলেও সরকার তা মোকাবিলা করে জনগণের স্বস্তি ও কল্যাণে কাজ করে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইসলাম খান, জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ও দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী।



