

অনলাইন নিউজ ডেস্ক
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) একটি বিশ্বাসযোগ্য, আধুনিক ও জনআস্থার চ্যানেল হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এমন পরিকল্পনার কথা জানিয়েছেন বিটিভির মহাপরিচালক কাজী জেসিন।
মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। এর আগে সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে।
বিটিভি নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনার কথা তুলে ধরে কাজী জেসিন লিখেছেন, আওয়ামী শাসনামলে বিটিভিকে ক্ষমতাসীন দলের ও ফ্যাসিবাদের প্রচারযন্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। বিশ্বাসযোগ্যতা হারিয়ে অতীতেও প্রতিষ্ঠানটি দর্শক হারিয়েছে। এমনকি গণঅভ্যুত্থানের পরও বিটিভিতে কাঙ্ক্ষিত পরিবর্তনের সূচনা হয়নি বলে মন্তব্য করেন তিনি।
কাজী জেসিন বলেন, প্রধানমন্ত্রী এমন একটি বিটিভি দেখতে চান, যা হবে একটি বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল।
প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করে তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর অনেকে ‘নয়া বন্দোবস্ত’-এর কথা বললেও বাস্তবে দেশবাসী কী দেখেছেন, তা সবাই জানেন। তবে মুখে ‘নয়া বন্দোবস্ত’-এর কথা না বলেও প্রধানমন্ত্রী তারেক রহমান নীরবে পরিবর্তনের কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।
বিটিভি নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনা শুনে নিজেকে ‘অভিভূত’ বলে উল্লেখ করেছেন কাজী জেসিন। তিনি বলেন, পরিকল্পনাটি বাস্তবায়ন কঠিন হলেও সেই লক্ষ্যেই ইতোমধ্যে কাজ শুরু করেছেন তিনি।



