

শেখ হাসিনার সরকারের পতনের পর ১৫ মাস পেরিয়ে গেলেও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। আওয়ামী লীগ আমলসহ তত্ত্বাবধায়ক সরকারের সময়কার সব মামলায় তিনি ও তাঁর স্ত্রী জুবাইদা রহমান আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পেয়েছেন। নিরাপত্তার জন্য দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনা এবং অস্ত্রের লাইসেন্স আবেদনের তথ্য সংবাদমাধ্যমে প্রকাশ পাওয়ায় আইনি বা নিরাপত্তাজনিত বাধা নেই বলেই মনে করা হচ্ছিল। তবু বাস্তবে তার দেশে ফেরা ঝুলে আছে।
বিএনপির একাধিক সূত্র বলছে, তারেক রহমানের প্রত্যাবর্তনে প্রভাবশালী কিছু দেশের আপত্তি থাকতে পারে। তবে কোন দেশ, কীভাবে এবং কেন আপত্তি জানিয়েছে—এ বিষয়ে তারা নিশ্চয়তা দিতে পারেনি। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন, তারেক রহমানের সাম্প্রতিক ফেসবুক স্ট্যাটাস থেকেই বোঝা যায় দেশে ফেরা তার একার সিদ্ধান্ত নয়; বিষয়টির সঙ্গে এমন কিছু শক্তি যুক্ত আছে যা তাঁর নিয়ন্ত্রণের বাইরে।



