সারাদেশ

চৌহাট্টা চৌরাস্তার সৌন্দর্যবর্ধন প্রকল্পে দীর্ঘসূত্রতা, বছরের পর বছর অসমাপ্ত অবকাঠামো নিয়ে প্রশ্ন

সিলেট নগরীর অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকা চৌহাট্টা চৌরাস্তার মোড়ে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে আছে রড ও সিমেন্টের একটি অসমাপ্ত স্তম্ভ। সৌন্দর্যবর্ধন প্রকল্পের অংশ হিসেবে কয়েক বছর আগে শুরু হওয়া এই কাজ মাঝপথে থেমে যায় অজ্ঞাত কারণে। এরপর সময় গড়িয়েছে, কিন্তু প্রকল্পটি আর শেষ করার দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি।

নগরীর কেন্দ্রস্থলের এই মোড় দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন ও পথচারী চলাচল করেন। কিন্তু মাঝরাস্তায় দাঁড়িয়ে থাকা এই অর্ধসমাপ্ত কাঠামো এখন সৌন্দর্য বাড়ানোর বদলে নগর ব্যবস্থাপনার অগোছালো চিত্রই তুলে ধরছে বলে মনে করছেন স্থানীয়রা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন সড়ক, ডিভাইডার ও গুরুত্বপূর্ণ স্থানে রং করার কাজ চলছে। ফুটপাত, বিভাজক ও দেয়ালে নতুন রঙের প্রলেপ দিয়ে নগরকে সাজানোর চেষ্টা চলছে। তবে একই সময় চৌহাট্টার এই বহুল আলোচিত ও দীর্ঘদিনের অসমাপ্ত প্রকল্পটি রয়ে গেছে আগের অবস্থাতেই।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা বলছেন, কেবল রং ও অস্থায়ী সাজসজ্জায় নগরের সৌন্দর্য টেকসই হয় না। দীর্ঘদিন ধরে পড়ে থাকা এমন প্রকল্পগুলো দ্রুত শেষ করাই প্রকৃত নগর উন্নয়নের অংশ হওয়া উচিত। তাদের মতে, গুরুত্বপূর্ণ এই মোড়ে বছরের পর বছর একটি অর্ধসমাপ্ত কাঠামো পড়ে থাকা প্রশাসনিক উদাসীনতারই ইঙ্গিত।
একজন পথচারী বলেন, “প্রতিদিন এই রাস্তা দিয়ে যাই, কিন্তু এটা কখনো শেষ হয়েছে বলে মনে হয় না। শুরু করা হলে শেষও হওয়া উচিত ছিল।”
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে নগরবাসীর প্রত্যাশা, সাময়িক রঙের পরিবর্তে দীর্ঘদিনের ঝুলে থাকা এই প্রকল্প দ্রুত সম্পন্ন করে চৌহাট্টার সৌন্দর্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button