সারাদেশ

গাইবান্ধায় বাবার মজুদ করা জ্বালানি তেলে ডুবে শিশু সন্তানের মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাড়িতে রাখা ডিজেলভর্তি ড্রামে পড়ে আরাফ প্রামাণিক (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আরাফ প্রামাণিক উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের আশিকুর রহমান বাবু প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আশিকুর রহমান বাবুর একটি ট্রাক রয়েছে। ট্রাকের জন্য তিনি একটি কাটা ড্রামে ডিজেল সংরক্ষণ করে বাড়ির বারান্দায় রাখতেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে বারান্দায় খেলতে গিয়ে অসাবধানতাবশত ওই ডিজেলভর্তি ড্রামে পড়ে যায় শিশু আরাফ। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান একরামুল জানান, ডিজেলে ডুবে আহত হওয়ার পর শিশুটির মৃত্যু হয়েছে। বুধবার সকালে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়।

এ বিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছেন। তিনি এটিকে অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button