

খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পাকিস্তানের করাচি বন্দর থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আসছে। এর মাধ্যমে দুই দেশের বাণিজ্য কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। পূর্বে পাকিস্তানি পণ্য তৃতীয় দেশের মাধ্যমে বাংলাদেশে আমদানি হতো। এতে সময় এবং খরচ বৃদ্ধি পেতো।

পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার আজ (মঙ্গলবার) খাদ্য মন্ত্রণালয়ের অফিস কক্ষে উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
সৌজন্য এ সাক্ষাতে পাকিস্তান থাকে চাল আমদানিসহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। খাদ্য উপদেষ্টা আঞ্চলিক সংযোগের ওপর গুরুত্বারোপও করেন।
পাকিস্তানের হাইকমিশনার উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং দুদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধিসহ উভয় দেশের জনগণের কল্যাণে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।



