

ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ঝালকাঠির নলছিটি উপজেলার পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত ওই বাড়িতে শুক্রবার দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম।
ওসি আরিফুল আলম জানান, ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। ধারণা করা হচ্ছে, একটি জানালা ভেঙে চোরেরা ঘরের ভেতরে প্রবেশ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।প্রতিবেশী গোলাম কিবরিয়া রিয়াজ জানান, ভোররাতে নামাজের উদ্দেশ্যে বের হলে শরীফ ওসমান হাদির বাড়ির পেছনে দুজনকে দেখতে পান। সন্দেহ হলে তাদের দাঁড়াতে বললে তারা দৌড়ে পালিয়ে যায়।
এদিকে আজ সকালে বাসা দেখাশোনার দায়িত্বে থাকা প্রতিবেশী জান্নাতি আক্তার জানান, বাড়ির সামনে একটি গামছায় মোড়ানো টাকা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি বিষয়টি তার বড়বোন ফাতেমা বেগমকে জানান। পরে ফাতেমা বেগম বাসায় ঢুকে দেখতে পান একটি আলমারি ভাঙা। আলমারিতে থাকা নগদ টাকা চোরেরা নিয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
শরীফ ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বলেন, ‘কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরে ঢোকে। কী পরিমাণ মালামাল নেওয়া হয়েছে, তা এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।’



