

অনলাইন নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার পরিচালনায় ব্যর্থ হয়েছেন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। তার অভিযোগ, দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট, ব্যাংকিং খাতে অস্থিরতা এবং দলীয় সন্ত্রাসের কারণে জনজীবন চরম ভোগান্তির মুখে পড়েছে।
রোববার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘জান দেব, জুলাই দেব না’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বক্তব্যে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, দেশে নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হচ্ছে বলে যে আলোচনা চলছে, বাস্তবে ফ্যাসিবাদী কাঠামো আগেই ছিল এবং বর্তমান সরকার সেই ব্যবস্থার ধারাবাহিকতা বজায় রেখেছে। তার ভাষ্য, জুলাই গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্রব্যবস্থার পরিবর্তনের প্রত্যাশা থাকলেও তা বাস্তবায়িত হয়নি।
তিনি আরও বলেন, বাংলাদেশ সন্ত্রাসের রাজনীতি চায় না এবং এনসিপি সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখবে। প্রয়োজনে কারাবরণ বা জীবন বিসর্জনের পরিস্থিতি এলেও তারা আপস করবে না বলেও মন্তব্য করেন তিনি।
সদ্য সমাপ্ত নির্বাচন প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটোয়ারী দাবি করেন, গণ-অভ্যুত্থানের পর যে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছিল, সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে তা বাধাগ্রস্ত হয়েছে। তবে আগামী স্থানীয় সরকার নির্বাচনে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করতে এনসিপি কাজ করবে বলে জানান তিনি।
সরকারের প্রশাসনিক নিয়োগ নিয়েও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তার অভিযোগ, নির্বাচন-সংশ্লিষ্ট একজন ব্যক্তিকে চুক্তিভিত্তিক অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা ভবিষ্যতের নির্বাচনকে প্রভাবিত করার প্রস্তুতির অংশ হতে পারে।
রাষ্ট্রপতি নিয়োগের প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রপতির মতো সাংবিধানিক পদ দলীয় বিবেচনায় পূরণ করা উচিত নয়। ভবিষ্যতে পরিস্থিতির পরিবর্তন না হলে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিতে পরিবর্তনের দাবিও তোলা হবে বলে জানান তিনি।
‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিও পুনর্ব্যক্ত করেন নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি বলেন, বিএনপিকে এই সনদ বাস্তবায়ন করতেই হবে এবং প্রয়োজনে এ দাবিতে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) এবং বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।



