

অনলাইন নিউজ ডেস্ক
বিএনপি দেশের সব জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, দেশের ইতিহাসে এই প্রথম পার্বত্য চট্টগ্রামের কোনো প্রতিনিধি ছাড়াই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত হচ্ছে।
রোববার (২ আগস্ট) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে ‘পাহাড়ে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে বর্তমান সরকার জুলাই সনদের সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় এসে তা বাস্তবায়ন করেনি। তার দাবি, বর্তমানে যে রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে, তার দায় সরকারের।
তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান শুধু সমতলের নয়, পার্বত্য চট্টগ্রামেরও আন্দোলন ছিল। চাকমা, মারমা, ত্রিপুরা, ম্রো, তঞ্চঙ্গ্যা ও বাঙালিসহ সব জনগোষ্ঠীর মানুষ এতে অংশ নিয়েছিল।
বর্তমান সরকারের সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে পার্বত্য অঞ্চলের কোনো প্রতিনিধি না থাকা দুঃখজনক। তিনি আরও বলেন, জবাবদিহিতার অভাবে সরকারের বিভিন্ন ক্ষেত্রে দুর্বলতা দেখা দিচ্ছে।
নাহিদ ইসলাম জানান, পাহাড় ও সমতলের সব জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে এনসিপি সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করবে। পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় বিশেষ গুরুত্ব দিয়ে অংশ নেবে দলটি



