

অনলাইন নিউজ ডেস্ক
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান দামের কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে। এর মধ্যে গৃহস্থালি ও যানবাহনে ব্যবহৃত এলপিজি ও অটোগ্যাসের দাম বৃদ্ধি ভোক্তাদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করবে বলে তিনি মন্তব্য করেন। তিনি সরকারের এ সিদ্ধান্তের সমালোচনা করে বর্ধিত মূল্য প্রত্যাহারের আহ্বান জানান।
রোববার (২ আগস্ট) এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, তেল, গ্যাস ও বিদ্যুতের দফায় দফায় মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও পড়েছে। ফলে নিম্ন ও মধ্যবিত্তসহ বিভিন্ন শ্রেণির মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, অথচ তাদের আয় সেই অনুপাতে বাড়েনি। এতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ২ আগস্ট থেকে ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করেছে, যা আগে ছিল ১ হাজার ৫২৮ টাকা। একই সঙ্গে অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৭৩ টাকা ৬৭ পয়সা।
মিয়া গোলাম পরওয়ারের দাবি, গ্যাসের এ মূল্যবৃদ্ধির প্রভাব উৎপাদন খাতসহ সামগ্রিক অর্থনীতিতে পড়তে পারে। দেশের জ্বালানি চাহিদা পূরণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের পাশাপাশি এলপিজির বর্ধিত মূল্য প্রত্যাহার করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।



