

অনলাইন নিউজ ডেস্ক
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ বাড়ানো হয়েছে।
গ্রাহক পর্যায়ে লাইফলাইন শ্রেণির ক্ষেত্রে মূল্য বৃদ্ধি ১৫ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ১৯ দশমিক ৯৪ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এর ফলে প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম ১ টাকা ৫২ পয়সা বৃদ্ধি পেয়ে ৯ দশমিক ১১ টাকা থেকে বেড়ে ১০ দশমিক ৬৩ টাকা হয়েছে। নতুন এই মূল্য জুন মাস থেকে কার্যকর হবে।
বুধবার (৩ জুন) রাজধানীর রমনায় ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিইআরসি এ তথ্য জানায়।
পাইকারি পর্যায়ে বিদ্যুতের বর্তমান দাম ৭ দশমিক ০৪ টাকা থেকে বাড়িয়ে গড়ে ৮ দশমিক ৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সঞ্চালন ব্যয় ইউনিটপ্রতি ৩১ পয়সা থেকে বাড়িয়ে প্রায় ৩৯ পয়সা করা হয়েছে।



