

অনলাইন নিউজ ডেস্ক
এমপিদের সংসদীয় কার্যপ্রণালি বিধি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বুধবার (৩ জুন) জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে ‘সংবিধান, কার্যপ্রণালি বিধি ও সংসদীয় কার্যক্রম’ শীর্ষক দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে স্পিকারসহ সংসদীয় নেতারা আইন প্রণয়ন ও সংসদীয় রীতি-নীতি চর্চায় সদস্যদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জনগণের করের টাকায় পরিচালিত এই সংসদকে কার্যকর করতে এবং সুশাসন নিশ্চিত করতে কার্যপ্রণালি বিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রতিটি সংসদ সদস্যের জন্য অপরিহার্য।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি এবং বিরোধী দলের নেতা ডা. মো. শফিকুর রহমান। এছাড়া আন্তর্জাতিক অংশীদার হিসেবে বক্তব্য রাখেন ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং সুইস রাষ্ট্রদূত রেতো রেংগলি।
সভাপতির বক্তব্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ জনগণের প্রত্যাশা পূরণে একটি কার্যকর ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। তিনি বলেন, কার্যপ্রণালি বিধি শুধু আনুষ্ঠানিক নিয়ম নয়, এটি সংসদ সদস্যদের দায়িত্ব পালনের মূল নির্দেশিকা।
স্পিকার আরও বলেন, সংসদের তিনটি মূল দায়িত্ব হলো আইন প্রণয়ন, বাজেট অনুমোদন এবং নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করা। এসব দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সংসদ সদস্যদের কার্যপ্রণালি বিধি সম্পর্কে দক্ষতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, সংসদ কেবল রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে পরিচালিত হয় না; সরকারি ও বিরোধী দলের সক্রিয় ও গঠনমূলক অংশগ্রহণের মাধ্যমে এটি কার্যকর ভূমিকা রাখে। এ সময় তিনি সংসদীয় প্রতিষ্ঠান শক্তিশালীকরণে ইউএনডিপি এবং সুইজারল্যান্ডের ‘স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস)’ কর্মসূচির ভূমিকাও তুলে ধরেন।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সংসদ সদস্যরা জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং তাদের কার্যক্রম জনগণের প্রতি জবাবদিহিমূলক হতে হবে।
চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি বলেন, সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার সমস্যা সমাধানের পাশাপাশি সংসদে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সরকারকে জবাবদিহির আওতায় আনতে হবে। এজন্য কার্যপ্রণালি বিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি।
বিরোধী দলের নেতা ডা. মো. শফিকুর রহমান বলেন, জনগণের করের অর্থে সংসদ পরিচালিত হয়। তাই সুশাসন, অর্থনৈতিক সংস্কার এবং টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় সংসদের কার্যকর ভূমিকা প্রয়োজন।
দুই দিনব্যাপী এ ওরিয়েন্টেশন কর্মসূচির প্রথম দিনে বিভিন্ন সংসদীয় আসনের নির্বাচিত সংসদ সদস্যরা অংশ নেন। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরাও এতে অংশগ্রহণ করেন।



