

অনলাইন নিউজ ডেস্ক
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ৫ আগস্টকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা চালানোর কোনো সক্ষমতা নেই। সোমবার (৩ আগস্ট) দুপুরে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে বোমা উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তবে একটি পক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি জানান, আশুলিয়ায় দুষ্কৃতিকারীরা একটি ব্যাগ রেখে যায়, যা পরে উদ্ধার করা হয়েছে। এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তার দাবি, অতীতের তুলনায় এ ধরনের ঘটনা বর্তমানে অনেক কমেছে। পাশাপাশি দেশে উগ্রবাদী তৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে।
তিনি আরও জানান, পুলিশ বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কোনো যানবাহন অরক্ষিত অবস্থায় না থাকে। পুরো টিম একসঙ্গে গাড়ি রেখে চা পান বা বিশ্রামে না গিয়ে অন্তত একজন সদস্য যেন সবসময় গাড়ির কাছে দায়িত্ব পালন করেন। তিনি বলেন, সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বদা সতর্ক রয়েছে।
সাবেক আইজিপি বেনজীর আহমদের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন। জামিনের শর্তগুলো জানতে সরকার নিয়োজিত আইনজীবীদের সার্টিফায়েড কপি সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দ্রুত জামিন বাতিলের আবেদন জানিয়ে আদালতে পিটিশন দাখিলের জন্যও তাদের বলা হয়েছে।
তিনি আরও বলেন, বেনজীর আহমদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলে সরকারের সন্দেহ রয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।



