

ড. আজহারি ভোটের বিষয়ে তার বক্তব্য প্রকাশ করেছেন
আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে জনপ্রিয় ইসলামী বক্তা, ধর্ম প্রচারক ও লেখক ড. মিজানুর রহমান আজহারি ভোট নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি স্ট্যাটাসে লিখেছেন, “তারুণ্যের প্রথম ভোট, ন্যায় ও ইনসাফের পক্ষে হোক।” তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
একই সময়ে নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দল ও প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণার সময় আচরণবিধি যথাযথভাবে মানার নির্দেশ দিয়েছে। এই বিষয়ে একটি চিঠি সব রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে।
তফসিল অনুযায়ী, ২২ জানুয়ারি থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণা শুরু হয়েছে, যা ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত চলবে। ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে সম্পন্ন হবে।
ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ করা হবে। এর আগে, ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।



