যার নেওয়ার জিনিস তিনি তো নাই, সম্মাননাটা নিজ হাতে নিতে পারা বিশাল ব্যাপার : আইয়ুব বাচ্চুর স্ত্রী


আইয়ুব বাচ্চু পাচ্ছেন মরণোত্তর একুশে পদক
বাংলা রকসংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মরণোত্তর একুশে পদক পাচ্ছেন কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। মৃত্যুর সাত বছর পর এই সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ঘোষণার পর তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা আবেগে ভেঙে পড়েন।
আইয়ুব বাচ্চু শুধু রকসংগীতে নয়, বাংলা সংগীতের ধারায়ও এক অনন্য স্থান দখল করেছেন। তার মিউজিক, গিটার বাজানোর শৈলী ও ব্যান্ডভিত্তিক কাজ বাংলা সংগীতের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। এই পদক তার সেই অবদানের একটি উজ্জ্বল স্বীকৃতি।
একুশে পদকের জন্য আইয়ুব বাচ্চু, অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা, সাংবাদিক শফিক রেহমানসহ মোট ১০ জন মনোনীত হওয়ার তথ্য প্রকাশের পর চন্দনা তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “খবরটা শোনার পর চোখ থেকে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ল। যার নেওয়ার জিনিস, তিনি তো আর নেই। নিজের হাতে সম্মাননাটা নিতে পারা একটা বিশাল ব্যাপার। দোয়া করবেন ওর জন্য—যেন ওপর থেকে দেখতে পান।”
চন্দনা জানান, জীবদ্দশায় আইয়ুব বাচ্চুর কিছু আক্ষেপ ছিল রাষ্ট্রীয় স্বীকৃতি নিতে না পারার। তিনি বলেন, “শিল্পীরা নিজের হাতে সম্মাননা পেলে সবচেয়ে বেশি খুশি হন। বাচ্চু হয়তো দুর্ভাগা মানুষ, তাই সেটা পাননি। তবে মৃত্যুর পর হলেও তাকে সম্মানিত করায় সরকারকে অনেক ধন্যবাদ।”
তিনি আরও যোগ করেন, “একটি পদক একজন শিল্পীকে আরও দুই কদম এগিয়ে দেয়। বাচ্চু মাঝেমাঝে এ নিয়ে কিছু আক্ষেপ প্রকাশ করত। তবে এখন সেসব নিয়ে কথা বলতে চাই না। চলে যাওয়ার পর হলেও পেয়েছে—অনেকে তো সেটুকুও পায় না।”



