

ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার Hardik Pandya মাঠের পারফরম্যান্সের পাশাপাশি স্টাইল ও ফ্যাশন নিয়েও বরাবর আলোচনায় থাকেন। তার হেয়ারস্টাইল, ট্যাটু কিংবা হীরাখচিত দুল—সবই ভক্তদের নজর কাড়ে। তবে এবার আলোচনার কেন্দ্রে তিনি নন, বরং অভিনেত্রী Mahika Sharma।
সম্প্রতি মাহিকার জন্মদিনের একটি ‘সানসেট ড্রেস’ ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনা। ২০২৪ সালে সার্বিয়ান মডেল-অভিনেত্রী Natasa Stankovic-এর সঙ্গে বিচ্ছেদের পর হার্দিকের জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে বলেই মনে করছেন অনেকে। মাহিকার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত মিলেছে সামাজিক মাধ্যমেই।
জন্মদিনে মাহিকা যে পোশাকটি পরেছিলেন, সেটি কমলা, গোলাপি ও বেগুনি রঙের টাই-অ্যান্ড-ডাই ডিজাইনের—দেখতে যেন সূর্যাস্তের আকাশ। লন্ডনের একটি ব্র্যান্ডের তৈরি নুডলস স্ট্র্যাপের ছোট ঝুলের এই পোশাকের দাম ৩ লাখ ৫৫ হাজার ১৬১ টাকা বলে জানা গেছে। তুলনায় হার্দিক একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে পান প্রায় ৩ লাখ টাকার মতো—ফলে পোশাকের দাম নিয়েই চমকে উঠেছেন নেটিজেনরা।
১৯ ফেব্রুয়ারি মাহিকার জন্মদিনে ইনস্টাগ্রামে তার সঙ্গে ঘনিষ্ঠ ছবি পোস্ট করেন হার্দিক। সুইমিংপুলে আলিঙ্গনাবদ্ধ অবস্থায় তোলা সেই ছবির পেছনে বিস্তৃত সমুদ্র আর নীল আকাশ—পাশে দেখা গেছে শ্রীলঙ্কার পতাকাও। ধারণা করা হচ্ছে, তারা দ্বীপরাষ্ট্রে ছুটি কাটাতে গিয়েছিলেন।
সম্পর্কে নজর এড়াতে ইনস্টাগ্রাম স্টোরিতে ‘এভিল আই’ স্টিকারও ব্যবহার করেন হার্দিক। এর আগে প্রিয়জনকে গোলাপের তোড়া উপহার দেওয়ার ছবিও শেয়ার করেছিলেন তিনি। সব মিলিয়ে হার্দিক-মাহিকার রোমান্স এখন সামাজিক মাধ্যমে বেশ চর্চিত বিষয়।



