

অনলাইন নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল করতে পারছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
এর আগে শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন একটি গলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০ থেকে ২০০ নেতাকর্মী জড়ো হয়ে মিছিল বের করেন।
পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে গেলে তারা পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করেন বলে জানায় পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, এ ঘটনায় মিছিলে অংশ নেওয়া আরাফাত ও আব্দুর রহিম নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে পাঁচটি তাজা ককটেল জব্দ করা হয়।
ওসি বলেন, মিছিলটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী হয়েছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে গুলশান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



