প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গুজব ছড়ানোর প্রতিবাদে এবার শোডাউনের ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর


অনলাইন নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গুজব ও অপপ্রচার ছড়ানোর অভিযোগ তুলে এর প্রতিবাদে সাবেক বিএনপি নেতাকর্মীসহ কারা নির্যাতিত, নিপীড়িত ও অবহেলিতদের নিয়ে গাড়ি শোডাউনের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, যে গাড়িকে ঘিরে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে, প্রতিবাদী শোডাউনে সেই গাড়িটিকেই অগ্রভাগে রাখা হবে।
পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ছড়ানো গুজব ও অপপ্রচারের প্রতিবাদ জানাতেই এ কর্মসূচি নেওয়া হচ্ছে। এতে কারা নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত এবং সাবেক বিএনপি নেতাকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
সাবেক বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, খালেদা জিয়ার সৈনিক ও শহীদ জিয়াউর রহমানের সৈনিকদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। নির্যাতিত, অবহেলিত ও সাবেক বিএনপি নেতাকর্মীদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে যারা নির্যাতন, অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছেন, তাদের সম্মান ও যথাযথ মূল্যায়নের জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়া হবে। একই সঙ্গে তিনি বলেন, ‘আমরা আপনাদের পাশে আছি।’
নাসীরুদ্দীন পাটওয়ারীর ঘোষণায় বলা হয়, গুজব ও অপপ্রচারের জবাব দেওয়ার পাশাপাশি অবহেলিত ও নির্যাতিত সাবেক নেতাকর্মীদের প্রতি সংহতি জানানো হবে এই শোডাউনের মাধ্যমে। যে গাড়িকে কেন্দ্র করে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে, সেটিকেই সামনে রেখে কর্মসূচি পালনের কথাও জানান তিনি।
তার এই ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে সাবেক বিএনপি নেতাকর্মীদের একত্র করে শোডাউনের উদ্যোগের রাজনৈতিক তাৎপর্য নিয়েও নানা আলোচনা চলছে।



